কিছুদিন আগেই বাংলাদেশে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় মোকা এবং তার প্রভাব পড়েছিল মায়ানমারের ওপরেও। কিন্তু এরই মাঝে আবহবিদের একাংশ জানান ৮ ই জুন থেকে ১০ই জুনের মধ্যে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বের আবহাওয়া মডেল অনুযায়ী, ৮ থেকে ১০ তারিখের মধ্যে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। উত্তর আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৮-৯ জুনের মধ্যে নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর নাম হতে পারে ‘বিপর্যয়’, যা নামকরণ করেছে বাংলাদেশ।
জুনের দ্বিতীয় সপ্তাহে অপর একটি সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে আরব সাগরে। ৫ থেকে ৭ জুনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে।কেরালা উপকূলবর্তী এলাকায় তা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে, জানা যাচ্ছে এমনটাই। এই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘তেজ’। এই নাম দিয়েছে ভারত। উল্লেখ্য, ৪ জুন কেরালাতে মৌসুমী বায়ু প্রবেশের পূর্বাভাস রয়েছে।এখনও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ স্পষ্ট নয়।তেজের অভিমুখ ভারতও হতে পারে আবার তা পাকিস্তান উপকূলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এবার ‘তেজ’ কতটা তেজ দেখায়, তা জানতে আগ্রহী সকলেই। নজর রাখছেন আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহের গোড়াতেই তা স্পষ্ট হয়ে যাবে। যদিও তার আগে পর্যন্ত বাংলায় ফের তাপপ্রবাহ চলবে।