প্রথম দিনের লড়াইটা হলো একপেশে। বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর নিজেদের মাটিতে টেস্ট ম্যাচে নেমেও কঠিনভাবে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাটিংয়ে নেমে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ক্রেইগ ব্রাথওয়েটের দল। বোলিংয়ে তো আরও দিশেহারা। ভারতীয় দুই ওপেনারের বিপক্ষে কোনো সুযোগই তৈরি করতে পারেনি বোলাররা। বৃহস্পতিবার ডমিনিকার উইন্ডজর পার্কে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিং নিয়ে ১৫০ রানের মধ্যে অলআউট হয়েছে ক্যারিবীয়ানরা। জবাবে ব্যটিং,য়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮০ রান করে দিন শেষ করে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের শুরুটা তেমন খারাপ হয়নি। দুই ওপেনার ত্যাগনারাইন চন্দরপল এবং ক্রেইগ ব্রাথওয়েট কোনো উইকেট না হারিয়েই প্রথম ১০ ওভার পার করেন। ত্যাগনারাইনকে ফিরিয়ে ক্রয়োদশ ওভারে স্বাগতিকদের প্রথম ধাক্কাটা দেন রবীচন্দন অশ্বিন। তাতে নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি। পঞ্চম বোলার হিসেবে বাবা ও ছেলের উইকেট নেয়ার কীর্তি গড়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। ২০১২ সালে ত্যাগনারাইনের বাবা শিবনারায়ণকেও আউট করেছিলেন অশ্বিন।
ক্রেইগ ব্রাথওয়েটকেও ঘূর্ণির ফাঁদে ফেলে সাজঘরে ফেরান অশ্বিন-ই। এরপর দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। রাইমন রাইফার, জারমেইন ব্ল্যাকউড এবং জশুয়া ডি সিলভা মিলে করেছেন ১৮ রান। শুরুতে কিছুটা প্রতিরোধ দেখিয়েও ১৮ রানের বেশি করতে পারেননি জেসন হোল্ডার।
টেস্ট অভিষেকে ক্যারিবীয় দলের সর্বোচ্চ রান করেন আলিক আথানাজে। জন্মস্থান ডমিনিকায় উইন্ডিজের হয়ে লড়াকু ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া রাকিব কর্ণওয়াল ১৯ রানের অপরাজিত ইনিংস খেললেও পার্টনারের অভাবে শেষমেশ থামতে হয় তাকে। ১৫০ রানে থামে ক্যারিবীয় ইনিংস। ভারতের দুই ওপেনার শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করেছেন। ভারতের জার্সিতে প্রথমবার প্রতিনিধিত্ব করতে নামা যশস্বী জয়সওয়াল ৪০ রানে অপরাজিত আছেন। উইকেটের অপর প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করে ৪০ রানে অপরাজিত আছেন অধিনায়ক রোহিত শর্মা।