কেরালা রাজ্যের অবস্থিত কোচি শহর। যেখানে বিগত কয়েকদিন ধরে কেরালা রাজ্যের কোচি শহরের ব্রহ্মপুরম বর্জ্য কারখানায় লাগা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের কারণে বিষাক্ত কালো ধোঁয়ায় ভরে গেলো কোচি শহরের আকাশ। আর কোচির এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে ব্রহ্মপুরমকে। শহর থেকে ১৭ কিলোমিটার দূরে ব্রহ্মপুরম।
গত ২ মার্চ সেই বর্জ্য পরিশোধন কেন্দ্রে জমে থাকা প্লাস্টিক এবং বর্জ্যে আগুন ধরে গিয়েছিল। যে আগুন নেভাতে দমকল, বায়ুসেনা এমনকি নৌসনারও সাহায্য নেওয়া হয়। আর সেই আগুন নেভাতে নাকানি চোবানি খান পুলিশ থেকে দমকল কর্মীরা। বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থেকে দমকল বাহিনীর অন্তত ২০ জনের শ্বাসকষ্ট দেখা দিয়েছে।প্রসঙ্গত, শুধু কোচি নয়, কালামাসেরি, আলুভা, অঙ্গমালি, থ্রিক্কাকারা, ত্রিপুনিতারা পুরসভা এবং চেরানাল্লুর, ভাড়াভুকড়, পুথানকুরিশ পঞ্চায়েতের প্রতি দিনের প্লাস্টিক এবং বর্জ্য এখানে জমা করা হয়। তাই বছরের এ সময়টিতে প্রচণ্ড গরমের কারণে এখানে আগুন লাগা সাধারণ ঘটনা। এর আগেও স্থানীয়রা বারংবার প্লাস্টিক পোড়ানো এবং এ থেকে স্বাস্থ্য ঝুঁকির বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। তবে কী কারণে বর্জ্য প্লান্টে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ, বয়স্ক ব্যক্তি, শিশু, গর্ভবতী মহিলা এবং শ্বাসকষ্টে ভোগা লোকজনদেরকে ধোঁয়ার সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।